লোকমান মোহামেডানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন: বাদল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১ পিএম

অস্ট্রেলিয়ার ব্যাংকে জমা থাকা লোকমান হোসেন ভূঁইয়ার ৪১ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মোহামেডান সাবেক খেলোয়াড়রা।

তার বিরুদ্ধে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ক্লাবের সাবেক ফুটবলার ও কর্মকর্তারা এ দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ক্লাব থেকে লোকমানের ৪১ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার দাবি তুলে মোহামেডানের সাবেক অধিনায়ক ও ক্লাবের স্থায়ী সদস্য বাদল রায় বলেন, ‘মোহামেডান ক্লাবকে লোকমান হোসেন ভূঁইয়া ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। সাফল্য তো নেই-ই, ক্যাসিনো বসিয়ে ক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তি নষ্ট করেছেন। ক্যাসিনো থেকে আয় করা ৪১ কোটি টাকা লোকমান হোসেন বিদেশে পাঠিয়েছেন। কিন্তু এখনও তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কোনো মামলা হয়নি। এই বিশাল অংকের টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা। ক্লাবে আর তার কোনো জায়গা নেই। শুধু তাই নয় বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) থেকেও লোকমানের বহিষ্কারের দাবি জানাচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘আমরা সবাই এই ক্লাবে বড় হয়েছি। ক্লাবের ক্রান্তিলগ্নে আজ এখানে জড়ো হয়েছি। মোহামেডান ক্লাবের এমন অবস্থা দেখে যারা ক্লাবটিকে ভালোবাসে তারা নীরবে কাঁদছে। আমরা এসব দেখে ঘরে বসে থাকতে পারিনি। এটা কোনো ক্লাব না এটা একটা প্রতিষ্ঠান, একটা ইতিহাস। ক্লাবটিকে যেভাবেই হোক বাঁচাতে হবে।’

সংবাদ সম্মেলনে ৩০ সেপ্টেম্বর ‘দুর্নীতিবাজ কর্মকর্তা হটাও, মোহামেডান বাঁচাও’ এই ব্যানারে মোহামেডান সমর্থক দল প্রেস ক্লাবে মানববন্ধন আয়োজন করবে বলে জানানো হয়।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কক্ষ ক্যাসিনোর জন্য ভাড়া দেওয়ায় বুধবার গ্রেপ্তার করা হয় ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে। যিনি একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক। র‍্যাবের তথ্য অনুযায়ী ক্যাসিনো থেকে লোকমান গত দুই বছরে ৪১ কোটি টাকা কামিয়েছেন। যার পুরোটাই জমা করেছেন অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, সাবেক পরিচালক ও হকি সম্পাদক সাজেদ এ আদেল, সদস্য ফজলুর রহমান বাবুলসহ আরও অনেকই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত