থানার সামনে গায়ে আগুন দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ পিএম

রাজশাহীতে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় থানায় অভিযোগ করতে গিয়ে এক কলেজ ছাত্রী কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ছাত্রীর নাম লিজা রহমান (২০)।

শনিবার দুপুরে নগরীর শাহমখদুম থানার পাশে রাজশাহী মহিলা টিটিসির সামনে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। লিজা রহমানের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বামী চাপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার সাখাওয়াত হোসেন। তারা নগরীর পবা নতুন পাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে লিজা রাস্তার পাশে প্রকাশ্য তার গায়ে আগুন দেন। এর পরই নজরে আসে স্থানীয়দের। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা জানান, তার শরীরের সামনে কোমরের ওপর থেকে মুখমণ্ডল, শ্বাস নালীসহ প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। 

এ বিষয়ে রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সেই ছাত্রী থানায় অভিযোগ করতে আসেনি। তিনি ভিকটিম সেন্টারে অভিযোগ করতে গিয়ে নাম লিখিয়ে চলে যান।

এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, লিজা প্রথমে থানায় গিয়ে তার স্বামীর সাথে বনিবনা হচ্ছে না বলে জানায়। সেখানে তিনি তার স্বামীর সাথে সমঝোতার কথাও বলেন। পরে ওসি তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে অভিযোগ করতে বলেন। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারে গিয়ে কথা বলেন লিজা।

সেখানে ঘটনা বলার পর ভিকটিম সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন কিনা। এসময় লিজা বাইরে থেকে আসছি বলে সেখান থেকে বেরিয়ে যান।

এর পরই তিনি থানা থেকে কিছুটা দুরে গিয়ে কেরোসিন কিনে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত