শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী প্রদর্শনী। ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক এই প্রদর্শনী শনিবার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারিতে প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনের পর স্পিকার প্রদর্শনী ঘুরে দেখেন। পরে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া।

মাসব্যাপী প্রদর্শনীতে ১নং গ্যালারিতে ২৩১টি আলোকচিত্র, ৬নং গ্যালারিতে ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প, ১ ও ৬ নম্বর গ্যালারিতে ৫টি ভিডিও ইনস্টেলেশন এবং প্রধানমন্ত্রীর ওপর প্রকাশিত বই প্রদর্শন করা হবে। এ ছাড়া চিত্রশালা মিলনায়তনে ১০টি আলোচনা সভা এই প্রদর্শনীর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। চিত্রশালা প্লাজায় ৩২ ফিট/৪৩ ফিট সাইজে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অঙ্কন (যাহা ৫/৬ সাইজের ৭২টি ক্যানভাসে) করা হয়েছে।

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন বলে জানান লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। জাতীয় চিত্রশালায় প্রদর্শনী শেষে পরবর্তীতে ছবিগুলো নিয়ে জেলা পর্যায়েও প্রদর্শনীর আয়োজন করা হবে।’

আলোকচিত্রগুলো সংগ্রহ ও সংকলনে সহযোগিতা করেছে জয়িতা প্রকাশনী। এই প্রদর্শনীকে ঘিরে গত ২৮ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর চিত্রশালার স্টুডিওতে শত চিত্রে জননেত্রী শীর্ষক মাসব্যাপী আর্টক্যাম্পে ১০০টি চিত্রকর্ম সৃজিত হয়েছে।

আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার, তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহাবুব ও সৌরভ ধর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত