গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর সংবলিত জন্মসনদ দিয়ে এক রোহিঙ্গা নারীর বিয়ে হওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার চরমোদ্দি ইউনিয়নের সাদেক আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬) কয়েক মাস আগেই রোহিঙ্গা নারী ফাতেমা আক্তারকে (১৯) বিয়ে করেন বলে জানা গেছে। গত শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানায়, কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়স্থল থেকে কয়েক মাস আগে পালিয়ে টঙ্গী আসে ফাতেমাসহ তার পরিবার। তারা টঙ্গী মিলগেট এলাকায় পরিচয় গোপন করে বসবাস করতে থাকে। এর মধ্যে ফাতেমা ও তার ভাই আজগর আলী স্থানীয় ঝুটের গোডাউনে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। তবে তাৎক্ষণিক পরিবারের কেউ জাতীয় পরিচয়পত্র দেখাতে পারেনি। জন্মসনদটিতে স্থায়ী ও বর্তমান ঠিকানা একই এলাকা উল্লেখ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম চলতি বছরের মে মাসে জন্মসনদ প্রদান করলে ওই সনদের পরিচয়ে তাদের বিয়ে হয়।
এ ব্যাপারে গাসিক ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, এরা এ এলাকার না। একসময় রোহিঙ্গা ছিল। তবে দীর্ঘদিন যাবৎ এ এলাকায় বসবাস করছে বলে আমার জানা। তবে ভুল করে আমার অফিস থেকে জন্মসনদ নিয়েছে কি না তা আমার জানা নেই।
