অপহরণের পর খুন হওয়া স্কুলছাত্রের খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জ-বালিরটেক সড়কের সদর উপজেলার কাফাটিয়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ৬ আগস্ট কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলামকে অপহরণ করে খুন ও লাশ গুম করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাকিরা এখনো পলাতক।
কাফাটিয়া হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। স্কুলের সভাপতি আব্দুল মান্নান, শিক্ষার্থী আশরাফুলের পরিবারের সদস্যসহ এলাকাবাসী এ সময় বক্তব্য রাখেন। তারা অবিলম্বে অন্য আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
