আওয়ামী লীগ সরকারের সাবেক ও বর্তমান সব মন্ত্রী-এমপির সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
মওদুদ আহমদ বলেন, দেশের জনগণ সব মন্ত্রী-এমপির সম্পদের হিসাব দেখতে চায়। সেই হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। মন্ত্রী-এমপি হওয়ার আগে তাদের কত সম্পদ ছিল আর এখন কত সম্পদ আছে, তা জনগণের দেখা দরকার। কারণ, দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, সরকার দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতি সামাল দেওয়ার শক্তি সরকার হারিয়ে ফেলেছে। যতভাবেই বলুক না কেন তারা অভিযান চালাবে কিন্তু অভিযান সফল হবে না। অভিযান সফল করতে হলে ছাত্রলীগের শোভন-রাব্বানী আর যুবলীগের শামীম-সম্রাটদের পেছনে যে মন্ত্রী-এমপিরা আছেন তাদের শনাক্ত করতে হবে। তা না হলে এ দুর্নীতি নিবারণ করা সম্ভব হবে না।
সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তা না করলে দুর্নীতির ভারে সরকারের পতন হবেই। বলা হচ্ছে, বাংলাদেশ নাকি এমন একটি দেশ যেখানে খুব দ্রুত ধনী হওয়া যায়, আর সেই ধনী হওয়ার নমুনা হচ্ছে জুয়া, ক্যাসিনো আর ব্ল¨াক মার্কেটিং করে।
মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরফত আলী শপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম প্রমুখ।
