কলকাতায় গাড়ি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার মূল হোতা রাগিব পারভেজের বাবা পারভেজ আখতার জুয়ার আসর থেকে গ্রেপ্তার হয়েছেন। এর আগে তার ছেলে পারভেজকেও গ্রেপ্তার করা হয়।
ভারতে দুর্গাপুজোর আগে জুয়াবিরোধী অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার শেক্সপিয়ার সরণি এলাকার মোট তিনটি স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ জনকে ধরা হয়েছে।
গত ১৭ আগস্ট কলকাতার অভিজাত এলাকা শেক্সপিয়ার সরণিতে আরসালান চেইন রেস্তোরাঁর মালিকের বড় ছেলে রাগিব পারভেজ দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেন।
ওইদিন শেক্সপিয়ার সরণিতে বৃষ্টির কারণে একটি ট্রাফিক পয়েন্টের পাশে মাইনুল আলম এবং ফারাহানা ইসলাম তানিয়া নামের দুজন বাংলাদেশি পর্যটক দাঁড়িয়ে ছিলেন। রাত পৌনে দুটোর সময় সেখানে একটি দ্রুতগামী জাগুয়ার গাড়ি অপর একটি মার্সিডিজ গাড়িকে ধাক্কা দেয়। এতে মার্সিডিজ গাড়িটির আঘাতে ট্রাফিক গার্ড শেডটি ভেঙে চাপা পড়েন বাংলাদেশি দুজন।
ঘটনাস্থল থেকে তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
