চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ যাত্রী।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে ইজিবাইকে যাত্রী নিয়ে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন রবিউল। এ সময় দামুড়হুদা ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চালক রবিউল ইসলাম, যাত্রী সাদিয়া খাতুন ও আরিনা খাতুন।
পরে দামুড়হুদা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রবিউল ইসলামকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
