‘ক্ষমতায় আছেন আপনারা, আর দুর্নীতি করছে বিএনপি?’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ পিএম

বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে প্রত্যেকেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আমি আইনমন্ত্রীকে বলবো- ক্ষমতায় আছেন আপনারা, আর দুর্নীতি করছে বিএনপি- আইনের মন্ত্রী হয়ে এ কেমন বেআইনি কথা বললেন? তার মানে এখনো কী দেশ চালাচ্ছে বিএনপি? তাহলে আপনারা সাহস করে পদত্যাগ করুন। দেখবেন দুর্নীতি কারা করছে তা জনগণই বের করবে।’

রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, ‘দুর্নীতি, লুটপাট আর কমিশনের মাধ্যমে ব্যাংকগুলো কি বিএনপি দেউলিয়া করেছে?’

এসময় তিনি বলেন, ‘মামলা-হামলা-গ্রেপ্তার আর গুম-খুন করে বিএনপিকে ঘরে-বাইরে নির্যাতনের ধারা চালিয়ে যাচ্ছে সরকার। এক লাখ মামলায় আমাদের ২৬ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ৫৯৯ দিন হলো মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে, জামিনে বাধা দেওয়া হচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, “এসব মিথ্যা মামলার আসামি হয়ে বিএনপি নেতাকর্মীরা জমি-জমা, বসতবাড়ি বিক্রি করে থানা পুলিশ সামলাচ্ছেন, জামিন নিচ্ছেন। আর আপনি (আইনমন্ত্রী) বলছেন, প্রত্যেকেই দুর্নীতি করছেন। এ যেন ‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’।’’

আইনমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতায় আছেন বলে রঙিন চশমায় কিছু দেখতে পারছেন না। এবার বিনয়ী হোন, মানুষের কাছে ক্ষমা চান। পদত্যাগ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। অন্যথায় দিন ঘনিয়ে আসছে, যখন আর পার পাবেন না।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নাজমুল হক নান্নু, বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত