জাতিসংঘের রেজুলেশনকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীর অধিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
ডন জানায়, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে মাহাথির কাশ্মীর প্রসঙ্গ তোলেন।
মাহাথির বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে পদক্ষেপ নেওয়ার কারণ থাকতে পারে তবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি ভুল। শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ভারতের উচিত সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে কাজ করা।’
ইরানের সঙ্গে বিশ্বের সকল দেশের বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও সমালোচনা করেন মাহাথির।
সাধারণ পরিষদের দেওয়া ভাষণে ৯৪ বছর বয়সী এ নেতা একতরফা অবরোধ আরোপের বিরোধিতা করেন।
মাহাথির বলেন, ‘কোন আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় আমরা তা জানি না। এক্ষেত্রে বিশ্বের ধনী ও ক্ষমতাধর দেশগুলোকে বেশি সুবিধা নিতে দেখা যায়।’
তিনি বলেন, ‘এতে প্রকৃত অবস্থা দাঁড়ায় যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে অন্যান্য দেশ যথারীতি তা কার্যকর করে। এক্ষেত্রে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মালয়েশিয়া ও আরও অনেক দেশ একটি বিশাল বাজার হারালো।’
মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ক্রমবর্ধমান হারে নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে কোনো দেশ তেল ক্রয় করলে তাদেরকে শাস্তির হুমকি দিচ্ছেন।’
