ছাত্রলীগের কর্মসূচীতে না যাওয়ায় বিজয় একাত্তর হলে এক ছাত্রকে স্টাম্প দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে হল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে তিনদিনের মধ্যে লিখিত জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।
রবিবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ .জে. এম শফিউল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত ছাত্রের নাম রাব্বি আহম্মেদ। তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের ২য় বর্ষের ছাত্র ।
এর আগে শুক্রবার ছাত্রলীগের কর্মসূচীতে না যাওয়ায় হলের অতিথি কক্ষে প্রথম বর্ষের এক ছাত্রকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেটান ছাত্রলীগ কর্মী রাব্বি আহম্মেদ। পরে বিষয়টি হল প্রশাসনের নজরে আসলে অতিথি কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পায় প্রশাসন। এরপরই রাব্বিকে সাময়িক বহিষ্কার করে হল প্রশাসন।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. জে. এম শফিউল আলম বলেন, কোনো অছাত্রসুলভ কর্মকাণ্ড বিজয় একাত্তর হলে গ্রহণযোগ্য নয়। এই ছেলেকে সাময়িক বহিষ্কারের মাধ্যমে আরো কেউ যদি এ ধরনের অপকর্মের চিন্তা করে থাকে, তারাও যেন সতর্ক হয় সেজন্য এ ব্যবস্থা।
