প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৩টি খাঁচাবন্দী পাখি অবমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রবিবার সকালে নগর ভবনে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে পাখি অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনা. ডা. মো. শরীফ আহমেদ, সচিব মো. মোস্তফা কামাল মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেয়র বলেন, শেখ হাসিনা এ দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ধর্মনিরপেক্ষতা তুলে ধরেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। অর্থনৈতিক মুক্তিসংগ্রামের সূচনা করেছেন। একসময় বঙ্গবন্ধুকে দিয়ে বিশ্ব বাংলাদেশ চিনত আজকে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে চিনে।
তিনি বলেন, শেখ হাসিনা আজকে বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দশ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, এটা বিশ্বে বিরল ঘটনা। শুধু রোহিঙ্গা নয়, যখন আওয়ামী লীগের একজন কর্মীও বিপদে পড়লে শেখ হাসিনা তার পাশে দাঁড়িয়েছেন।
