সরকারি কর্মচারীদের ‘ইনডেমনিটি’ দেওয়ায় সিপিবির ক্ষোভ প্রকাশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ এএম

সরকারি চাকরি আইন, ২০১৮ প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের ‘ইনডেমনিটি’ দেওয়া হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। গতকাল রবিবার এক বিবৃতিতে তারা বলেন, এ আইনটি দুদকের আইনের যে প্রাধান্য তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেলায় খর্ব করবে। এতে দুর্নীতি বৃদ্ধি পাবে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ফৌজদারি মামলা ছাড়াও দুর্নীতির মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তার করতে চাইলে সরকারের অনুমতি নেওয়ার যে বিধান সংযুক্ত করা হয়েছে তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক ধরনের ‘ইনডেমনিটি’ প্রদান করবে। সিপিবি নেতারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দৃশ্যমান হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রলম্বিত হবে। সরকারি কর্মচারী আইন ২০১৮ সংবিধানের মৌলিক বিধানসমূহের সঙ্গে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ আরও বলেন, বিনাভোটের এ সরকার আমলানির্ভর। তাই বৈষম্যমূলক ও সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থি এ আইন দিয়ে দুর্নীতিগ্রস্ত আমলাদের দায়মুক্তি প্রদান করে তাদের সমর্থন ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত