খাগড়াছড়িতে গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলোনীপাড়ার বাহার মিয়ার ছেলে আসাদুল ইসলাম রাসেল (২২), সাঁওতালপাড়ার তাঁরা মিয়ার ছেলে আল আমিন (১৯) এবং দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন (২৩)। আটক রাসেল পুলিশের সদস্য।
গত রোববার রাতেই খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসাদুল ইসলাম রাসেলের দুইদিন ও বাকি দুইজনের একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত মো. গোলাম আফছার জানান, নিহত গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মুঠোফোনের কথোপকথনের সূত্র ধরে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
উল্লেখ্য যে, ২৩ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৩ মাইল নামক এলাকা রাবার বাগান থেকে পুলিশ গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল প্রীতি রাণী। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর সদর থানায় সাধারণ ডায়েরি করে স্বামী হরি শংকর ত্রিপুরা। মরদেহ উদ্ধারের পর হরি শংকর ত্রিপুরা অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
