শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশের রূপকার: কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এক সময়ের কথিত তলাবিহীন ঝুড়ি, দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে নিয়ে চলেছে’।

সোমবার শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন (বিবি) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে নতুন এক আশা দেখিয়েছেন। বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে উন্নয়নশীল দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরে বলেন, অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করতে হয় তা বাংলাদেশ থেকে শিখতে পারো। বাংলাদেশ কিভাবে জঙ্গিবাদ দমন করেছে তা-ও এখন অনেক দেশ বাংলাদেশ থেকে শিখতে চায়।

কৃষি মন্ত্রী বলেন, এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি অর্জন তার জন্মদিনকে আরও সাফল্যমণ্ডিত করেছে। এর মধ্যে অন্যতম ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’। তার এই অর্জনে পুরো জাতি গৌরবান্বিত।

একাদশ জাতীয় নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে মোট ২১ অঙ্গীকারের কথা উল্লেখ্য রয়েছে এর ৩য় নম্বর ছিল দুর্নীতি নির্মূল করা। বঙ্গবন্ধু কন্যা নীতি ও আদর্শের সঙ্গে আপস করে না। দেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তিনি এই অঙ্গীকার করেছেন সেখানে কোন আপস নয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. দেলোয়ার হোসেন ও সিলেট মেডিকেল কলেজের উপপরিচালক ফাহিমা আক্তার মনি প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত