‘জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে নিম্ন আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার কিংবা হয়রানির না করতে বলা হয়েছে।
আমানের করা আগাম জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল হোসেন।
অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন যে, আদেশের ছয় সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আর এই সময়ের মধ্যে তাকে কোনো রূপ গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।
এর আগে গত ৬ আগস্ট একই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী আগাম জামিন চাইলে একই আদেশ দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন এবি সিদ্দিকী। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানাসহ ৯ জনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই হাফিজুর রহমান রানা একটি চিঠি পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। এছাড়া ওই চিঠিতে জঙ্গি গোষ্ঠী আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে হত্যা করে দেশে তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে এবং তারেক রহমানের সঙ্গে আইএসের যোগাযোগ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন ওই বহিষ্কৃত শিক্ষক। বাদীর আরজির ওপর শুনানি নিয়ে আদালতের হাকিম সত্যব্রত শিকদার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
