অভিযানের নামে ১০ লাখ টাকার চাঁদাবাজি, ডিবির ৭ সদস্য বরখাস্ত

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:০৩ পিএম

অভিযানের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এসআই ও তিন এএসআইসহ ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদকেও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। সাময়িক বরখাস্ত হওয়া ৭ পুলিশ সদস্য হলেন, খুলনা জেলা ডিবির এসআই লুৎফর রহমান, এএসআই কেএম হাসানুজ্জামান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম এবং কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।

জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে ডিবি পুলিশের সাতজন সদস্যের বিরুদ্ধে। গত সোমবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তদন্ত করে দেখা হবে কে জড়িত, কে জড়িত নয়। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণিত হলে অভিযুক্তদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

অভিযোগে জানা গেছে, সম্প্রতি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকার আব্দুল্লাহ মোটরস নামক একটি মোটরসাইকেলের শো-রুমে অভিযান চালায় ডিবির উল্লেখিত সদস্যরা। সেখান থেকে ওই শো-রুম মালিকের ছেলেকে আটক করে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৫ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু আরও ৫ লাখ টাকার দাবিতে হুমকি দিচ্ছিল তারা। এ বিষয়ে সংশ্লিষ্টরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিচুর রহমান বলেন, জেলা ডিবির ইন্সপেক্টর তোফায়েল আহমেদকে মেহেরপুরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে, কি কারণে করা হয়েছে- সেটি তার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত