উত্তর কোরিয়া এবার সাবমেরিন থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল বুধবার উনসান বন্দর এলাকা থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার দাবি সঠিক হলে গত মে মাসের পর এই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ওই অঞ্চল তথা পুরো বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নতুন করে শুরু করার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। চলতি সপ্তাহ শেষেই ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে এই সংক্রান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠক হয় তারপর থেকে পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্থগিত রয়েছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া এই ঘটনার মাধ্যমে ফের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শর্ত ভঙ্গ করেছে। নিরাপত্তা পরিষদ দেশটির জন্য সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে।
