নরসিংদীর মাধবদীতে বাড়িতে তৈরি তালের পিঠা খাওয়ার পর রানী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে একই পরিবারের শিশু ও নারীসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গত মঙ্গলবার রাতে মাধবদীর আমদিয়া ইউনিয়নের চানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রানী আক্তার চানগাঁও এলাকার আতাউর রহমানের মেয়ে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আতাউর রহমানের স্ত্রী রিনা বেগম (৪৫), মেয়ে সুবর্ণা আক্তার (১২), নাতনি মুন্নী আক্তার (১১), তিন্নি আক্তার (৮), লিজা আক্তার (৫) ও আবদুল্লাহ (৩)।
মাধবদী থানার পুলিশ জানায়, সোমবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন রানী আক্তার। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় তালের পিঠা তৈরি করেন মা রিনা বেগম। রাতে রিনা বেগম মেয়ে ও ছেলের ঘরের নাতি-নাতনিদের নিয়ে ওই পিঠা খান। পিঠা খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন অসুস্থদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাতে রানী আক্তার মারা যান। অবস্থা গুরুতর হওয়ায় বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমীরুল হক শামীম বলেন, পিঠার আলামত আমরা ল্যাব টেস্টে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে ঠিক কী কারণে বিষক্রিয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিঠায় ব্যবহৃত রং বা বিষাক্ত পদার্থ থেকে বিষক্রিয়া হয়েছে।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ বলেন, বাড়িতে তৈরি তালের পিঠা খেয়েই সবাই অসুস্থ হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
