প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৮:২৩ পিএম

সাতক্ষীরায় বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে আনসার আলী (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানাসহ আরও এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাতক্ষীরা জেলা জজ হোসনে আরা আক্তার এ রায় প্রদান করেন। আনসার আলী কালীগঞ্জের চাচাই গ্রামের আরশাদ আলীর ছেলে।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, ধর্ষণের শিকার কিশোরী আনসারের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। গত ২০১৩ সালের ৫ এপ্রিল মায়ের অবর্তমানে ওই বাড়িতে কাজ করতে গিয়ে আনসারের হাতে ধর্ষণের শিকার হয় কিশোরী। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। পরবর্তী সময়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয় সে। আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করা হলে শিশুটি আনসার আলীর সন্তান হিসেবে শনাক্ত হয়।

এ ঘটনায় কিশোরীর ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২০১৪ সালের ২১ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আনসার আলীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত