সঞ্চালনবিহীন বিদ্যুৎ লাইনে কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসায় ভোলার দৌলতখানে লাইনম্যান ও ঝিনাইদহের কালীগঞ্জে মারা গেছেন এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটে এ দুই দুর্ঘটনা।
দৌলতখানে নিহত রতন কুমার দের (৩২) বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি সময় এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে রতন দৌলতখান পৌরসভার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার জন্য খুঁটির ওপরে ওঠেন।
এ সময় ভুলবশত পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা ওই লাইনটিতে বিদ্যুৎ সঞ্চালন করে দেয়। এতে বিদ্যুৎস্পর্শে খুঁটির ওপরই মরে ঝুলে থাকেন রতন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তার লাশ নামায়।
দৌলতখান থানার ওসি বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ জানান, বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন সাগর হোসেন (২২) নামে এক তরুণ। সকালে বহিরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর বহিরগাছি গ্রামের রুহুল আমিনের ছেলে।
ইউপি মেম্বার ইজ্জত আলী জানান, সাগর বিদ্যুৎচালিত মেশিন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গবাদি পশুর (বিচালি) শানি কেটে সংসার চালান। গতকাল সকালে বিদ্যুৎ লাইনের মাধ্যমে ওই মেশিনের ব্লেডে ধার দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সুইচ বন্ধ না করেই তার হাতে নিয়ে পুনরায় সংযোগের চেষ্টা করলে বিদ্যুৎ চলে আসায় তিনি গুরুতর আহত হন। পরে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
