নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়

শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা না পাওয়ায় বিক্ষোভ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০২:০৪ এএম

নেত্রকোনা আঞ্জুমান সরকারি আদর্শ স্কুলের এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য দুদিন ধরে চাঁদা ওঠাচ্ছে স্বজন ও সহপাঠীরা। শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কিছু টাকা তুলে গত বুধবার ওই শিক্ষার্থীর বাবার হাতে দেন প্রধান শিক্ষক।

কিন্তু গতকাল স্কুলের ফান্ড থেকে ১ লাখ টাকা দাবি ও বাইরে থেকে টাকা তোলার জন্য প্রত্যয়নপত্র চাইলে স্কুলের নিয়মবহির্ভূতভাবে তা দেওয়া যাবে না বলে জানানো হয়। এতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা স্কুলের সামনের সড়কে গাড়ি আটকে স্কুলের গেটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান শিক্ষক আকলিমা খাতুন বলেন, দুদিন ধরে স্কুলে ডে-মর্নিং শিফট থেকে বাচ্চারা চাঁদা নিচ্ছে। আমাদের শিক্ষকদের কাছ থেকেও কিছু তুলে দেওয়া হয়েছে। স্কুলের ফান্ড থেকেও ১০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু তারা ১ লাখ টাকা দাবি করেছে। এখন এত টাকা তো আমি একা দিতে পারব না। নিয়মকানুন আছে। এর মধ্যে ছেলেরা এসে প্রত্যয়নপত্র চাইছে বাইরে থেকে টাকা তুলতে। কিন্তু সেটা তো এই সরকারি স্কুল থেকে দেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত