দুর্গা পূজা উপলক্ষে জীবিত মায়ের ব্যতিক্রমী পূজার আয়োজন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৯:৩১ পিএম

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মাদারীপুরের পূর্ব কলাগাছিয়ায় পৃথিবীর বুকে একমাত্র জীবন্ত দেব দেবীর মন্দিরে অর্ধশতাধিক মাকে জ্যান্ত মাতৃ পূজা করেছেন তাদের সন্তানেরা।  

হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬ সাল থেকে শুরু করে গত ৪ বছর যাবৎ ‘নকুল বিশ্বাস সাহিত্য সংগীত একাডেমিতে’ এই পূজার আয়োজন করা হলেও এবার প্রথম জীবিত মায়ের পূজা দেওয়ার জন্য একটি মন্দির তৈরি করা হয়েছে।

মাটির তৈরি প্রতিমাকে পূজা অর্চনা দেওয়ার নিয়ম থাকলেও এই আয়োজনে পূর্ব কলাগাছিয়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বী অর্ধশতাধিক মাকে ফুল, চন্দন, তুলসী, দুর্বা দিয়ে পূজা দিল নিজ নিজ মায়ের সন্তানেরা। এ সময় অনেক মা ও তাদের সন্তানদের চোখ দিয়ে অঝোরে জল পড়তে দেখা গেছে।

পূজার শুরুতেই প্রতিটি মায়ের হাতে পূজার নতুন কাপড় তুলে দেয়া হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠান উপভোগ করতে দূর দূরান্ত থেকে নানা বয়সের শত শত মানুষ ছুটে আসেন। পূজা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পূজা দেখতে ভারতের কলকাতা থেকে বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত