ধোনি-রোহিত-কোহলির আগে মাইলফলক স্পর্শ হরমনপ্রীতের

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৩:৪১ পিএম

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো তারকাদের পেছনে ফেলে ভারতীয় ক্রিকেটে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটির নারী ক্রিকেটার হরমনপ্রীত কাউর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার আগে একশো ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক!

ধোনি ও রোহিত দেশের হয়ে এখন পর্যন্ত ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কোহলি খেলেছেন ৭২ ম্যাচ।

শুক্রবার সুরাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ তথা ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ মাইলফলকটিতে পৌঁছান হরমনপ্রীত। এদিন তার হাতে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার স্মারক হিসেবে ‘বিশেষ ক্যাপ’ তুলে দেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ তথা টিম ইন্ডিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান উরকেরি রমন।

হরমনপ্রীতের দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় টনটনে ২০০৯-এর জুনে ইংল্যান্ডের বিপক্ষে। পাঞ্জাবের এই অলরাউন্ডার এখনও পর্যন্ত দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তার নামের পাশে রয়েছে ২০০৪ রান ও ২৮টি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত