নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৩:৫০ পিএম

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী জহির উদ্দিন (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের বাবরীঝাড়-পঞ্চপুকুর সড়কের বাবরীঝাড় চৌপথি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহির পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী ধনীপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

নীলফামারী থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, শুক্রবার রাতে চাপড়াসরমজানি ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে সাইকেলযোগে নিজ বাড়ি পঞ্চপুকুরের উত্তরাশশী ধনীপাড়ায় ফিরছিলেন বৃদ্ধ জহির উদ্দিন।

পথে বাবরীঝাড় চৌপথি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে জহির উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান সরকার বলেন, ‘শুক্রবার দুপুরে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের বাবরীঝাড় হাট সংলগ্ন থাকা বড় মেয়ে লাভলী বেগমকে দেখতে গিয়েছিলেন জহির উদ্দন। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। শনিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত