আ.লীগে অপরাধীর আশ্রয় নয়, উল্লেখ থাকবে গঠনতন্ত্রে : কৃষিমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১১:২৬ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী কাউন্সিলে আওয়ামী লীগে কোনো অপরাধী, মাদক ও অবৈধ কারবারিদের আশ্রয় হবে না। গঠনতন্ত্রেও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে এসব বিষয়ে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শনিবার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের উন্নয়ন গুটিকয়েক লোকের কারণে মস্নান হতে পারে না। দলের পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। খালেদা জিয়া দুর্নীতির কারণে বর্তমানে জেলহাজতে রয়েছে। কিন্তু আইনের কাছে সবাই সমান। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই করতে হবে। যদি হাইকোর্ট তাকে জামিন দেয়, তাহলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কিন্তু আইনকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী কাউকেই মুক্ত করতে পারবেন না। এটা বিএনপির ভুল ধারণা। সরকার চাইলেই খালেদা জিয়া মুক্ত হতে পারবে বলে বিএনপি অপপ্রচার করছে। সরকার সবসময়ই খালেদা জিয়াকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেছেন, বৃষ্টির কারণে পেঁয়াজ ঠিকমতো ঘরে তুলতে পারেননি কৃষকরা। আর ভারত সাময়িকভাবে রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম বেড়েছে। এটা খুবই সাময়িক সমস্যা। এখন মিয়ানমার ও তুরস্ক থেকে প্রচুর পেঁয়াজ দেশে আসছে। আগামী দুই-এক মাসের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা বকল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত