আগের দিন ব্যাটিংয়ে দাপুটে শুরু পেয়েছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশকে যা একটু ম্যাচের রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। হাম্বানটোটায়া দুই দলের দ্বিতীয় আনঅফিশিয়াল ম্যাচের দ্বিতীয় দিন মিরাজ বোলিংয়ে মাত করেছেন। নিয়েছেন মোট ৭ উইকেট। পরে বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১৫ রানের লিড নিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। লঙ্কানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৮ রানে। বিপরীতে দিন শেষে ৬ উইকেটে ২৮৩ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।
আগের দিন ৩ উইকেট নেওয়া মিরাজ প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার ২৪ রান দিয়ে ৭ উইকেট। এই ইনিংসেও উইকেটসংখ্যা সমান তবে রান দিয়েছেন ৮৪। তাতে লঙ্কান ব্যাটিং লাইনের ওপরের দিকে সুবিধা করলেও শেষ দিকে পারেনি। তাই প্রথম ইনিংসে ২৬৮ রানে থামতে হয় স্বাগতিকদের।
জবাবে নিজেদের ইনিংসে নেমে বাংলাদেশের পুরোনো চেহারাই ফুটে ওঠে। ২২ রানের মধ্যে ২ উইকেট হারাতে হয়। ওপেনার জহুরুল ইসলাম ১ ও নাজমুল হোসেন শান্ত ৯ রান করে ফিরে যান। তৃতীয় উইকেটে মুমিনুল ও সাদমান ইসলাম মিলে ১৫৪ রানের জুটি গড়েন। তাতে শুরুর বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ। সাদমান ১০৪ বলে করেন ৭৭।
তবে মুমিনুল আরও এগিয়ে প্রথম শ্রেণিতে নিজের ২০তম সেঞ্চুরি তুলে নেন। ১৯০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলে থামেন মুমিনুল। এরপর মোহাম্মদ মিঠুন ২১ ও এনামুল হক ৮ রানে আউট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। টেস্টে ওয়ানডে ধাঁচের ইনিংস খেলে এগিয়ে চলছেন নুরুল হাসান সোহান। ২৯ বলে ৩৫ রানের ইনিংসে মেরেছেন ২টি ছক্কা ও ৩ চার। অপর প্রান্তে ৬ রানে অপরাজিত মিরাজ।
