শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই শুভেচ্ছা জানানো হয়। এসময় বিজিবির পক্ষে কমান্ডার সুবেদার আলতাব হোসেন এবং বিএসএফের পক্ষে কমান্ডার এসি জয়পাল শিং উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবির পক্ষ থেকে বিএসএফের হাতে এগারো প্যাকেট মিষ্টি তুলে দেওয়া হয়। এসময় বিজিবি অফিসাররা বিএসএফ সদস্যদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানান, গত শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহারসহ দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে। হিলি সীমান্তে এই রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে। এতে করে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
