শ্যামনগরে বিদ্যুৎ যাবে বলে গাছ কেটে উজাড়

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১২:২৬ এএম

শ্যামনগরের মুন্সিগঞ্জ টু হরিনগর রাস্তার শতাধিক গাছ কেটে বিদ্যুতের তার টানার ব্যবস্থা করছেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। আর সেই কর্তন করা গাছ ভাগবাটোয়ারা শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। গাছের ডালপালা যে যার মতো বাড়ি নিয়ে যাচ্ছে।

সরকারি বিধি মোতাবেক রাস্তার গাছ নিলাম ছাড়া এলোপাতাড়ি কাটায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব। গাছের পাঁচ ফুট দূর থেকে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তোয়াক্কা না করে বিদ্যুতের কর্মচারীরা পরিবেশের ক্ষতি করে গাছ কেটে বিদ্যুৎসংযোগ নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছেন।

স্থানীয় মৎস্যচাষি নুর আলম জানান, বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার জন্য এভাবে গাছ কাটা আমরা কোনো দিন এর আগে কোথাও দেখিনি। এভাবে গাছ কাটলে পরিবেশের সমস্যা দেখা দেবে, ভারসাম্য নষ্ট হবে। তাই গাছ না কেটে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা করতে হবে।

শ্যামনগর বিদ্যুৎ অফিসের এজিএম মধুসূদন রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ ডেভেলপমেন্টের কাজ করতে হলে কিছু গাছ তো কাটা পড়বেই!

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে জানালে তিনি বলেন, বিষয়টি দেখছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত