প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে ‘জম্বিল্যান্ড’ সিনেমার সিক্যুয়াল ‘জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ‘। প্রথম কিস্তির কাহিনির সূত্র ধরেই সিক্যুয়েলটির চিত্রনাট্য অগ্রসর হয়েছে। পরিচালক রুবেন ফ্লেচার ২০০৯ সালে নির্মাণ করেছিলেন ‘জম্বিল্যান্ড’। ১০ বছর পর ছবিটির সিকুয়্যাল নির্মাণ করছেন তিনিই।
প্রথম ছবিটিতে দেখা গিয়েছিল জম্বিদের মোকাবেলা করছে একদল মানুষ। সেই প্রতিরোধকে বেশ কমেডি সেন্সে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। তারই ধারাবাহিকতায় ছবিটির সিক্যুয়ালেও থাকছে হাস্যরসের ইঙ্গিত। এই সিনেমায় অভিনয় করেছেন অস্কার মনোনীত অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন ও অস্কারজয়ী এমা স্টোন।
গত ২৫ জুলাই প্রকাশিত হয় সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়েলের ট্রেলার। কাহিনি অনুযায়ী, আমেরিকা এখনো একটি জম্বিল্যান্ড। প্রথম কিস্তির কাহিনির সূত্র ধরেই সিক্যুয়েলটির চিত্রনাট্য অগ্রসর হয়েছে।
সিনেমাটিতে প্রচুর অ্যাকশন ও মজার দৃশ্য রয়েছে। বিশেষত জম্বিদের মারার দৃশ্যগুলো চমকপ্রদ। সিনেমাটির প্রথম পর্বে কিছু নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। দর্শকদের সেই নিয়মগুলো ট্রেলারটি পুনরায় স্মরণ করিয়ে দেয়।
কলাম্বিয়া পিকচার্স পরিবেশিত ‘জম্বিল্যান্ড ডাবল ট্যাপ’ ১১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বলে জানা গেছে।
