পুকুরে ডুবে গোপালগঞ্জের মুকসুদপুরে তিন বোন, মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই ভাই ও দিনাজপুরের হাকিমপুরে নদীতে ডুবে কলেজছাত্র মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : মুকসুদপুরে পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্ণা (৩)। এরা মামাতো-ফুফাতো বোন। স্থানীয়রা জানান, সকালে তিন বোন বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ ভেসে ওঠে।
মুন্সীগঞ্জ : শ্রীনগরে মামাবাড়ি বেড়াতে এসে গতকাল রবিবার নৌকা থেকে পড়ে গিয়ে মো. সাকির (৫) ও সেজান (২৫) নামে খালাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার কুশরিপাড়ায় এ ঘটনা ঘটে। সেজান শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাস মিয়ার ও সাকির গাজীপুরের মো. নাসিরের ছেলে।
স্থানীয়রা জানান, সাকির ও সেজান সকালে মামাবাড়ির অদূরে একটি পুকুরে নৌকায় উঠতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুরে শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর মারুফ হোসেন মুন্না (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে গত শনিবার দিনগত রাত একটায় হিলির পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের শাখা যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্না হাকিমপুরের নন্দিপুর গ্রামের স্কুলশিক্ষক মতিয়ার রহমানের ছেলে। তিনি রংপুর পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
