দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন প্রতিনিয়ত পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্যে দূষিত হচ্ছে। দূষণের মাত্রা এতটাই যে পরিবেশের পাশাপাশি সেখানকার প্রাণ-বৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে ফেসবুকের ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) গ্রুপের ৩৯ জন সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিন দিনে ৯৪ বস্তা প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করলেন। এগুলোর ওজন ৫৫৫ কেজি!
তাদের এই সেন্টমার্টিন পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ড্রিম নাইট রিসোর্ট। এতে স্বেচ্ছাসেবীদের সেখানে থাকতে কোনও টাকা দেওয়া লাগেনি। শুধু নিজেদের খরচে আয়োজন করা হয়েছে খাবার ও যাতায়াতের।
গত ৩ অক্টোবর রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করেন টিওবি গ্রুপের সদস্যরা। ৫৫৫ কেজি বর্জ্য সংগ্রহ করে রবিবার বিকেলে সেন্টমার্টিন থেকে ফেরেন তারা।
স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, সেন্টমার্টিন পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধির অভিযানের জন্য ৩৯ জন তিনটি দলে ভাগ হয়ে কাজ করেছে। সবাই ময়লা সংগ্রহ করে সেই সব ব্যাগ জেটি ঘাটের কাছে জমা করতে থাকেন।
এর আগেও ২০১৮ সালে টিওবি গ্রুপের ৫৫ জন সদস্য প্রায় ১৪০ কেজি প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন।
