বাংলাদেশ-ওমান হকি টেস্ট সিরিজ শুরু মঙ্গলবার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১০:০৬ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ও ওমান অনূর্ধ্ব-২১ দলের মধ্যে পাঁচ ম্যাচের হকি টেস্ট সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক্সচেঞ্জ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি আসর। যা একই সঙ্গে জুনিয়র বিশ্বকাপের বাছাই আসর। এই আসর সামনে রেখে দুই মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। এবার হকি ফেডারেশন ম্যাচ প্র্যাকটিসের আয়োজন করেছে। সে উপলক্ষেই এই হকি সিরিজ।

ঢাকায় আসার আগে পাকিস্তানের যুব হকি দলের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওমান। অর্থাৎ ভালো প্রস্তুতি নিয়েই এসেছে তারা। তবে বাংলাদেশের প্রস্তুতিও খারাপ নয়।

সোমবার এই হকি টেস্ট সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ মামুন উর রশিদ জানান, ‘জুলাইয়ের ২২ তারিখ আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। শুরুটা আমরা করেছিলাম ওপেন ট্রায়ালের মাধ্যমে। সারা দেশ থেকে ১১০ জন খেলোয়াড় সেখানে অংশ নেয়। ধাপে ধাপে ৪৩ জন বাছাই করি। যাদের গত দুই মাস ক্যাম্পে রেখেছি।’

‘এখন ক্যাম্পে আছে ৩৬ জন। সেখান থেকে ওমান সিরিজের জন্য আমরা ২৪ জনের দল ঘোষণা করেছি। এখানে শুধু ৫ জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। বাকি সবাই কখনো জাতীয় দল বা জুনিয়র দলে খেলেনি। তবে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

ওমান কোচ তাহির জামান বলেন, ‘দীর্ঘ দিন পর আবারো বাংলাদেশে এসে খুশি তিনি। এই টেস্ট সিরিজ দুই দেশের হকিকে আরো লাভবান করবে।’

সিরিজের পরের চারটি ম্যাচ হবে- ৯, ১১, ১২ ও ১৫ অক্টোবর। সিরিজের সব কটি ম্যাচই হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ম্যাচগুলো ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবে স্পোর্টস লাইফ টিভি। একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

এই সিরিজ শেষে বাংলাদেশ দলের ওমানে গিয়ে সিরিজ খেলার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত