কমিটি নিয়ে কেন্দ্রের সঙ্গে বসছে গাজীপুর বিএনপি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম

নয় বছরের পুরনো কমিটি দিয়ে চলছে গাজীপুর জেলা বিএনপি। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই দলটির নেতাকর্মীদের। তবে নেতারা জানিয়েছেন, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনায় বসছেন তারা।

 ২০১০ সালের ১৩ আগস্ট নির্বাচনের মাধ্যমে ফজলুল হক মিলনকে সভাপতি ও কাজী ছাইয়েদুল আলম বাবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। পরে ২০১১ সালের ২২ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

ছাইয়েদুল আলম জানান, মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি গঠন কল্পে আলোচনা হবে। সেখানে বিভিন্ন ইউনিট থেকে পাঁচজন করে প্রতিনিধি ডাকা হয়েছে। আশা করছি, আজ নতুন কমিটির ব্যাপারে একটি সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, কমিটি গঠনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিনকে দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও শহিদুল ইসলাম বাবুলকে সদস্য করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসল্লি জানান, জেলার কমিটিতে বরাবরই ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বঞ্চিত করা হয়েছে। এখানে কেন্দ্রীয় নেতাদের পছন্দের লোকদের পদ-পদবি দেওয়া হয়। আশা করছি, এবারের কমিটিতে ত্যাগীরা মূল্যায়িত হবেন।

জানা গেছে, জেলা বিএনপির সম্ভব্য সভাপতি প্রার্থীর তালিকায় বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন সাখাওয়াত হোসেন সেলিম, শাহজাহান ফকির, আবদুল মোতালেব, মেয়র মুজিবুর রহমান, হুমায়ূন কবীর খান, সাখাওয়াৎ হোসেন সবুজ, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত