উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযানের নামে তুরস্ক ‘সীমার বাইরে’ কিছু করলে তাদের অর্থনীতি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ওই অঞ্চলে সীমা অতিক্রম করলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটবিরোধী লড়াইয়ের মিত্র কুর্দিদের পাশ থেকে সরে এসে এভাবে তাদের ওপর আক্রমণের পথ করে দেওয়ায় ট্রাম্প প্রভাবশালী রিপাবলিকানদেরও তীব্র সমালোচনার মুখে পড়েন। তারা মার্কিন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত বদলাতেও অনুরোধ জানিয়েছেন। তারই প্রেক্ষিতেই ট্রাম্পের এই সতর্কতার টুইট। পাশাপাশি টুইটে তিনি সিরিয়ার ওই এলাকা থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন।
এদিকে কুর্দি নেতৃত্বাধীন একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘পেছন থেকে ছুরি মারা’ হিসেবে অভিহিত করেছে।
পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি যোদ্ধারা আঙ্কারার সাঁড়াশি আক্রমণের শিকার হতে পারেন। তাদের সন্দেহ ওয়াশিংটনের এ পদক্ষেপের ফলে ওই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঘটতে পারে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র একই সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকেও ঝুঁকিতে ফেলে দিয়েছে।
