ঢাকা ওয়াসা

কাল তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৩:৪৫ এএম

ঢাকা ওয়াসার তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো করার কথা রয়েছে। প্রকল্প তিনটি হলোÑ পদ্মা যশলদিয়া প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড নির্মাণ (১ম পর্ব) ও সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (গন্ধর্বপুর)।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মো. জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা ওয়াসা তিনটি প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁও থেকে প্রকল্পগুলো উদ্বোধন করবেন। এ উদ্বোধন ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

ওয়াসা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এ তিনটি প্রকল্প উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন। এরপর ওয়াসার পক্ষ থেকে এ অনুষ্ঠান ঘিরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়াসা ইতিমধ্যে ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান ব্যবস্থাপনা কমিটির প্রধান। প্রকল্প পৃথক তিনটি এলাকায় থাকায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করবেন।

ওয়াসার কর্মকর্তারা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা। আর প্রকল্পের তিনটি এলাকায় থাকবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ওয়াসার কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত