উইঘুর নির্যাতন: চীনের ওপর ভিসা কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৩:০৩ পিএম

উইঘুর মুসলিমদের ওপর দমন-নিপীড়নের অভিযোগে চীন সরকারের ভিসার ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, চীনে জিনজিয়াং প্রদেশের মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত ২৮টি চীনা সংস্থাকে সোমবার কালো তালিকাভুক্ত করে ওয়াশিংটন।

এরপরেই ভিসার ওপর কড়াকড়ি আরোপ নিয়ে এমন মনোভাব প্রকাশ করেছে মার্কিন সরকার। চীনা সরকার, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা সেইসঙ্গে তাদের পরিবারের ওপর এই ভিসা কড়াকড়ি আনতে যাচ্ছে ওয়াশিংটন।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ‘চীন সরকার জিনজিয়াংয়ে উইঘুর, কাজাখ, কিরগিজ মুসলিম এবং অন্যান্য জাতিগোষ্ঠীদের ওপর চরম দমনমূলক অভিযান চালাচ্ছে।’ 

জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর এই দমন-নিপীড়ন বন্ধের আহ্বান করেন বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং সরকার সেখানে ডিটেনশন ক্যাম্পগুলোতে গণআটক, বিস্তৃত ও উচ্চ প্রযুক্তির নজরদারি, সেইসঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় প্রকাশের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং বিদেশ থেকে চীনে বিপজ্জনক পরিস্থিতিতে ফিরে আসতে বাধ্য করছে।’

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অস্বীকার করেছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের দাবি করা তথাকথিত মানবাধিকারের কোনো ইস্যুই এখানে নেই। এই অভিযোগ চীনের অভ্যন্তরীন বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার বাহানা ছাড়া কিছুই নয়।’

উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক দেশই সোচ্চার। গত জুলাইয়ে বিশটির বেশি দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাঠানো চিঠিতে স্বাক্ষর করে।

এদিকে উইঘুর মুসলিমদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। এ ঘটনাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ নৃশংসতার সঙ্গেও তুলনা করে মানবাধিকার কাউন্সিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত