সিলেটে শিশু নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৮:০৮ পিএম

সিলেট শহরের দক্ষিণ সুরমা এলাকার শিশু মোজাম্মেল হোসেন নাঈমকে (১০) হত্যার মামলায় চার আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক এ রায় দেন।

রায়ে দণ্ডিতরা হলো দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ইসমাঈল আলী (৩০), একই গ্রামের ইছহাক মিয়ার ছেলে মিঠzন মিয়া (২৮) ও রুবেল মিয়া (২৬) এবং দক্ষিণ সুরমার ভার্থখলার রুবেল আলীর ছেলে বিপ্লব ওরফে বিপলু (২৬)। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় জুনায়েদ হোসেন নামে এক আসামি খালাস পেয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, দক্ষিণ সুরমার লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হোসেন নাঈমকে ২০১১ সালের ১৪ আগস্ট অপহরণ করা হয়। ঘটনার ছয় দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে বস্তাবন্দি অবস্থায় নাঈমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আবদুল হক বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে দক্ষিণ সুরমা থানার তৎকালীন এসআই হারুন মজুমদার পাঁচ আসামিকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে ইসমাঈল আলী ও মিঠুন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম এহিয়া জানান, মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

রায় ঘোষণার পর কান্নাজড়িত কণ্ঠে শিশু নাঈমের বাবা আবদুল হক বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানকে যারা খুন করেছিল, আজ তাদের ফাঁসির দণ্ড হয়েছে। আমি চাই অবিলম্বে এ রায় কার্যকর করা হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত