১৮ দিন পর খুলেছে বশেমুরবিপ্রবি, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৯:৫০ পিএম

১৮ দিন বন্ধ থাকার পর খুলেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। উপস্থিতি তুলনামূলক কম থাকলেও চলেছে ক্লাস ও পরীক্ষা।

এদিকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান।

গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারি ও কথায় কথায় অনৈতিকভাবে বহিষ্কারসহ তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং ওইদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তখন সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিনের মদদে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রছাত্রীসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন।

এরপর উপাচার্যের পদত্যাগ আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত দল গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তদন্তে আসে। ২৯ সেপ্টেম্বর ইউজিসি তদন্ত দল উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পেশ করে।

২৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ১২তম দিনে রাতে উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন কঠোর পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন এবং ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ১ অক্টোবর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেন। এরপর দুর্গাপূজার ছুটি শুরু হলে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, শিক্ষা মন্ত্রণালয় গত ৭ অক্টোবর রাতে অধ্যাপক ড. শাহজাহানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করছেন। 

বুধবার তিনি বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তার অফিসকক্ষে সভা করেছেন। পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত