সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০২ পিএম

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও শোক র‌্যালি হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে। গতকাল বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালন করেন সংস্কৃতিকর্মীরা। এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সবাইকে ভাবিয়ে তুলেছে।

হবিগঞ্জ : নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদল। বেলা ১১টার দিকে নবীগঞ্জ শহরতলির থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বক্তারা জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান।

যশোর : হত্যাকারীদের শাস্তি ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি জানিয়েছেন যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দাবিতে তারা বিভিন্ন স্পটে মানববন্ধন করেছেন। বেলা ১১টার দিকে যশোর শহরের দড়াটানা মোড়, গাড়িখানা, চৌরাস্তা, মুজিব সড়ক ও প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি হয়। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানের নিরাপত্তা নেই। আজ আবরারের মতো মেধাবী ছাত্রকে নির্মমতার বলি হতে হয়েছে। আগামী দিন আমাদের সন্তান যে এমন নৃশংসতার শিকার হবে না- তার গ্যারান্টি কী।

গাইবান্ধা : হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে সাঘাটা উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদল ক্যাম্পাসে ও পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদল উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।

ঝিনাইদহ : আবরারকে স্মরণে দুপুরে সরকারি কেসি কলেজ ছাত্রলীগ শোক র‌্যালি করেছে। কলেজ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অনেকে অংশ নেন। একই দাবিতে শহরের হাটের রাস্তা এলাকা থেকে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।

ঠাকুরগাঁও : পুলিশি বাধার মুখে আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জেলা শাখা ছাত্রদল। দুপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।

পটুয়াখালী : হত্যাকারীদের ফাঁসির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর ও নাগরিক উদ্যেগ কমিটি। বেলা ১০টায় এসব কর্মসূচি হয়। একই সময় প্রেস ক্লাবের সামনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন করে।

মাগুরা : আবরার হত্যার বিচার দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ জেলা শাখা। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া : হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।

ভৈরব (কিশোরগঞ্জ) : আবরার হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল। মিছিল শেষে প্রতিবাদ সভায় নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দাসহ দ্রুত বিচার দাবি করেন। দুপুর ১২টার দিকে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি জিল্লুর রহমান শহর রক্ষাবাঁধ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত