কথিত ‘আইএস বিটলস’ এর দুই সদস্য অ্যালেক্সান্ডা কোটি ও এল শাফি এলশেইখকে যুক্তরাষ্ট্রের সেনা কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এই টুইটে ট্রাম্প জানিয়েছেন, খারাপেরও খারাপ ওই দুই জঙ্গিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
সিরিয়ায় কুর্দি ও তুর্কিদের মধ্যকার লড়াইয়ের কারণেই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি। নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, উত্তর সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এক জেলখানা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। ২০১৮ সালে গ্রেপ্তারের পর থেকে সেখানেই ছিলেন তারা। অ্যালেক্সান্ডা কোটি ও এল শাফি এলশেইখ ২০১৫ সালে সিরিয়ায় বিমান হামলায় নিহত ‘জিহাদি জন’ হিসেবে পরিচিত আরব বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মেদ এমওয়াজির অনুসারী। এরা সাধারণত পশ্চিমা বন্দিদের নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এদের মধ্যে কোটি ব্রিটিশ নাগরিকদের মধ্য থেকে আইএস-এর সদস্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন।
