বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ আবরার তার জীবন দিয়ে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতনের বীজ বপন করে গেছেন, শুভ সূচনা করে গেছেন। এখন তার সমাপ্তি ঘটানোর দায়িত্ব সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ নাজির হোসেন জেহাদের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। এরপর ছাত্রদলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন
সভায় মোশাররফ হোসেন বলেন, শহীদ জেহাদ স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রক্ত দিয়ে তার পতনের বীজ রোপণ করে গিয়েছিল। ঠিক একইভাবে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শহীদ আবরার জীবন দিয়ে তাদেরও পতনের অঙ্কুর পুঁতে গেছেন, শুভ সূচনা করে গেছেন। তার সমাপ্তি ঘটানোর দায়িত্ব বর্তমান এবং সাবেক ছাত্রনেতাদের। মনে রাখতে হবে, এ দেশের যত আন্দোলন হয়েছে সেইসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। জনগণ জেগে উঠেছে, ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই। তিনি বলেন, আবরারকে পিটিয়ে হত্যা করেছে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তারা পুলিশকে দিয়ে সিসিটিভির ফুটেজ নিজেদের করায়ত্ত করতে চেয়েছিলেন।
