সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্টপয়েন্টে যমুনা নদীতে গত বৃহস্পতিবার বিকেলে নৌকাবাইচ দেখতে গিয়ে নদীতে ডুবে দুজন নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা তাদের উদ্ধার করেতে পারেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন বরিশালের বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. হানিফ (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিকদিয়ার গ্রামের সাইদুর প্রামাণিক (৬০)।
সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ চলাকালে বিকেল ৪টার দিকে বাইচের একটি নৌকার সঙ্গে দর্শনার্থীদের একটি নৌকার ধাক্কা লাগে। এতে সাইদুর প্রামাণিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে সন্ধ্যায় দর্শনার্থীদের একটি নৌকা ডুবে যায়। এতে ওই নৌকার সব যাত্রী তীরে উঠতে পারলেও হানিফ নামের এক নির্মাণশ্রমিক নিখোঁজ হন।
