চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ও হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম।
হাইমচরের ইউএনও ফেরদৌসি বেগম জানান, উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা চর এলাকায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত অভিযানে মেঘনা নদীতে মা ইলিশ আহরণ করে পালিয়ে যাওয়ার সময় ছয় জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে দেড় শ কেজি মা ইলিশ ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করে টাস্কফোর্স।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদ- দেওয়া করা হয়। দ-প্রাপ্ত জেলেরা হলেন হাইমচর উপজেলার মজিবর রাঢ়ী (৪৫) ও মো. সাইফুল ইসলাম (২০), সদর উপজেলার আক্কাছ খান (৪২), সুমন খান (৩৫), মো. আরিফ (২০) ও মো. রিপন গাজী (১৮)।
এদিকে শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার ৩টি নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ইউএনও শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেন। দ-প্রাপ্তরা হলেন শাকিল (২২), মো. শিপন (১৯), আ. রহিম (৪০), মো. সাগর হোসেন (২৪), মীর হোসেন (১৮), মো. নাছির উদ্দিন (২২), মো. বাবু (২০), নজরুল ইসলাম (২৮), মো. মাসুদ (৩০) ও মো. দুলাল (২৫)।
অন্যদিকে, ভোলার মেঘনার পূর্ব ইলিশাসংলগ্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ৩০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জেলেকে আটকের পর জেল-জরিমানা করা হয়েছে।
তাদের মধ্যে মো. রাজিব (২০) ও ছোটনকে (২০) এক বছর করে বিনাশ্রম কারাদ- ও পারভেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
