ডিএমপির সভা

পেন্ডিং ওয়ারেন্ট তামিলের নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০২:১৯ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পেন্ডিং থাকা ওয়ারেন্টগুলো তামিলের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ ছাড়া থানা পুলিশের সেবার মান বাড়ানোর পাশাপাশি নিখোঁজ ও হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে জানান, সভায় পুলিশ কমিশনার সেবার মান বাড়ানোর বিষয়ে তাগিদ দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও দিয়েছেন।

সভায় উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোর্ট থেকে ইস্যুকৃত বিভিন্ন ওয়ারেন্ট তামিল করার জন্য সংশ্লিষ্ট

থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সেসব ওয়ারেন্ট তামিল করতে পারে না পুলিশ। বর্তমানে এ রকম প্রায় ২৮ হাজারের বেশি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। যেগুলো তামিল করার জন্য কমিশনার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কোন থানায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) বা মামলা হওয়ার পর পুলিশ সদর দপ্তর থেকে মামলার বাদী কিংবা ভিক্টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পুলিশের ভূমিকা কিংবা তদন্তের বিষয় সম্পর্কে আপডেট থেকে পুলিশ সদর দপ্তর সে বিষয়ে করণীয় নির্ধারণ করতে পারবে। এতে অনেক মামলা ও জিডি হওয়ার পরও পুলিশের তদন্ত না করার যেসব অভিযোগের কথা শোনা যায়, তা থেকে মুক্তি মিলবে বলে অনেক কর্মকর্তা সভায় মত দিয়েছেন। থানায় নিখোঁজ বা হারানো জিডি গ্রহণ করার পর তার একটি কপি ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সিরিয়াস ক্রাইমের উপ-কমিশনারের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত