কাশ্মীর নিয়ে ভারতকে ‘কিছু বলেনি’ চীন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে কোনো কথা বলেননি বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

শনিবার সকালে দুই নেতা তাজ ফিশারম্যানের কোভ রিসোর্ট অ্যান্ড স্পায় তাদের অনানুষ্ঠানিক বৈঠক সারেন। তারপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়।

এবার কোনো চুক্তি হয়নি। সম্পর্ক আরও দৃঢ় করে গড়ে তোলা এবং মূল বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে মত-বিনিময় করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।

এনডিটিভি জানিয়েছে, সার্বিকভাবে সন্ত্রাস এবং মৌলবাদ রুখতে একজোট হওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি মোদি-জিনপিংয়ের আলোচনায় এসেছে।

ভারতের বিদেশসচিব বিজয় গোখলের কথায়, ‘দুই নেতাই একমত হয়েছেন যে, ক্রমশ জটিল হতে থাকা এই বিশ্বে সন্ত্রাসবাদ এবং মৌলবাদের চ্যালেঞ্জের মোকাবিলা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্ত্রাস দুই দেশের জন্যই বড় বিপদ তৈরি করেছে। দুই নেতাই এমন রাষ্ট্রের নাগরিক, যারা শুধুমাত্র জনসংখ্যা বা এলাকাতেই বৃহৎ নয়। বৈচিত্রের কারণেও বৃহৎ। গোটা বিশ্বে জঙ্গি প্রশিক্ষণ, তাদের আর্থিক এবং অন্যান্য সহায়তা রুখতে আন্তর্জাতিক গোষ্ঠী যাতে সুনির্দিষ্ট কাঠামো গড়ে তোলে, তার জন্য যৌথভাবে চেষ্টা করা হবে।’

পাকিস্তান নিয়ে প্রশ্ন করায় গোখলের জবাব, ‘ভারত এবং চীনের সম্পর্ক কোনও একটি বিষয় নির্ভর নয়। পাকিস্তানের সন্ত্রাস সম্পর্কে ভারতের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত