ফানুস উড়িয়ে শুরু উৎসবের, আজ রথযাত্রা, কাল উৎসর্গ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৬:১৪ পিএম

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমাদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা।

শনিবার সন্ধ্যায় ফানুস ওড়ানোর মাধ্যমে এ উৎসব শুরু হয়। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় থাকছে পিঠা তৈরি উৎসব, রথযাত্রা ও সাঙ্গু নদীতে রথ উৎসর্গ।

বান্দরবান উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি থেওয়াং মারমা জানান, প্রতি বছরের মতো এবারও আমরা রথ বানিয়েছি। এবারের রথ রাজহংসীর আদলে তৈরি। উৎসবে বিভিন্ন বিহার ও পাড়া থেকে চুলামনি দেবতার উদ্দেশ্যে হাজার ফানুস ওড়ানো হবে। বিহারগুলোতে জ্বালানো হবে হাজার প্রদীপ।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় বান্দরবান শহরের রাজবাড়ি মাঠে রয়েছে রথযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে রথ আবার রাজবাড়ি মাঠে ফিরে আসে। পাড়ায় পাড়ায় সারা রাত চলবে পিঠা তৈরির আয়োজন। পরদিন সকালে সেই সব পিঠা বৌদ্ধ মন্দিরে ভিক্ষুদের জন্য নিয়ে যাওয়া হবে। সোমবার সন্ধ্যায় রথযাত্রা শেষে সেটিকে সাঙ্গু নদীতে উৎসর্গ করা হবে।

বান্দরবানে মারমা ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা, চাক, খেয়াংরা প্রবারণা পূর্ণিমা বা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব পালন করে থাকেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত