রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা চলছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, শিগগিরই এ বেড়া নির্মাণের কাজ শুরু করবে সেনাবাহিনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। গতকাল রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।
সম্প্রতি রোহিঙ্গা কিশোরীকে সেনা সদস্যের ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেই ব্যাপারে আমরা একজন ব্রিগেডিয়ারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
