হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:২৩ এএম

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সুরাবই গ্রামের একটি বাঁশ বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্তঃদুর্ধর্ষ ডাকাত দলের সর্দার। ঘটনাস্থল থেকে পুলিশ গুলি ও অস্ত্র উদ্ধার করেছে। এ সময় আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কুদরত আলী সদর উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ওমর আলী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী সুরাবই গ্রামের ফজলু মিয়ার বাঁশ বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে তার নেতৃত্বে শায়েস্তগঞ্জ থানা ও ডিবি পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে কুদরতকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাত সর্দার কুদরত সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে মোট ১৩টি ডাকাতির মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। ডাকাত দলের হামলায় ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই মোজাম্মেল হক, কনস্টেবল জয়নাল আবেদিন, নূরুল ইসলাম, রনি কর ও রিপন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত