কাশ্মীরে বিক্ষোভ থেকে ফারুক আবদুল্লাহর দুই মেয়ে ও এক বোনকে গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০২:৫৮ পিএম

কাশ্মীরে বিক্ষোভ থেকে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর দুই মেয়ে ও এক বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকেও।

এনডিটিভি জানায়, বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে যথারীতি সোমবার বিকেলেও বিক্ষোভে নামে কাশ্মীরিরা। শীর্ষপর্যায়ের কয়েকজন নারী অ্যাকটিভিস্ট এবং শিক্ষাবিদও অংশ নেই সেই বিক্ষোভে। এতে তারা অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত কাশ্মীরিদের মুক্তির দাবি জানান।

শ্রীনগরের এই বিক্ষোভ থেকে বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভা সদস্য ড. ফারুক আবদুল্লাহর দুই মেয়ে মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান ও হাওয়া বশির এবং বোন সুরাইয়া আবদুল্লাহ। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যটির সাবেক প্রধান বিচারপতির বশির আহমেদ খানের স্ত্রীকেও।

এ সময় সুরাইয়া আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘৫ আগস্ট থেকে ঘরের ভেতরে আমাদের আটকে রাখা হয়েছে। ৩৭০ ধারা বাতিল হয়েছে। এটি রীতিমতো জোরপূর্বক আমাদের বিয়ে দেওয়া, যেটি কোনোভাবে কাজ করছে না।’ 

 প্রসঙ্গত, প্রায় দেড় মাস গৃহবন্দী করে রাখার পর সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফারুক আবদুল্লাহকেও গ্রেপ্তার করে পুলিশ। তাকে পাবলিক সেফটি অ্যাক্ট (পিএসএ) গ্রেপ্তার দেখানো হয়। ভারতে এই প্রথম কোনো রাজনীতিবিদ সেই সঙ্গে জনপ্রতিনিধিকে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তার ছেলে আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও আটক করা হয়েছে আগস্টের শুরু থেকে। আটক আছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত